উত্তরবঙ্গ
চ্যাংরাবান্ধা সীমান্তে গ্রেফতার বাংলাদেশি যুবক! উদ্ধার পাকিস্তানের সন্দেহভাজন ISI আধিকারিকের ভিজিটিং কার্ড
ডিজিটাল ডেস্কঃ উত্তরবঙ্গের সীমান্ত নিরাপত্তা (Border Security) নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটকের পরিচয়ে ভারতে প্রবেশ করে বাগডোগরা ও হাসিমারা বায়ুসেনা ঘাঁটির আশপাশে সন্দেহজনক গতিবিধির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক অভিবাসন পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয় মহম্মদ সেলিম (৩০) নামে ওই যুবককে। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলায়।
পুলিশ সূত্রে খবর, পর্যটক ভিসা (Tourist Visa) নিয়ে ভারতে এসেছিলেন সেলিম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আগাম তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। দেশে ফেরার জন্য চ্যাংরাবান্ধা সীমান্তে পৌঁছতেই তাঁকে আটক করা হয়। কলকাতার ফরেনার্স রিজিয়োনাল রেজিস্ট্রেশন অফিসের (FRRO) তরফে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিসও জারি ছিল বলে জানা গিয়েছে।
তদন্তকারীদের সন্দেহ, দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘোরার আড়ালে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক পরিকাঠামো সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন তিনি। বিশেষ করে বাগডোগরা বিমানঘাঁটি (Airbase) এবং হাসিমারা বায়ুসেনা ঘাঁটির আশপাশে তাঁর যাতায়াত খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় নতুন করে চর্চায় এসেছে একটি ভিজিটিং কার্ড। সূত্রের দাবি, সেলিমের কাছ থেকে অনিল আসগর কালহোরো নামে এক ব্যক্তির কার্ড উদ্ধার হয়েছে। ওই ব্যক্তি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে কর্মরত এবং পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গে যুক্ত বলে সন্দেহ তদন্তকারীদের। তবে তাঁর পরিচয় ও সেলিমের সঙ্গে যোগাযোগের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।
বর্তমানে মেখলিগঞ্জ থানায় সেলিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর সঙ্গে কোনও আন্তর্জাতিক গুপ্তচরচক্রের যোগাযোগ রয়েছে কি না, কিংবা কোনও সংবেদনশীল তথ্য পাচার হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। তদন্তে এনআইএ (NIA) ও আইবি (IB)-এর আধিকারিকদেরও যুক্ত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, চিকেনস নেক (Chicken’s Neck) সংলগ্ন উত্তরবঙ্গের কৌশলগত গুরুত্ব অপরিসীম। ফলে এই গ্রেফতারিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নিরাপত্তা মহল। তবে সেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
