ভাষার নাম নিয়ে দীর্ঘদিনের বিতর্ক! আজ উত্তরবঙ্গের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Connect with us

উত্তরবঙ্গ

ভাষার নাম নিয়ে দীর্ঘদিনের বিতর্ক! আজ উত্তরবঙ্গের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ কামতাপুরি নাকি রাজবংশী, ভাষার প্রকৃত নাম কী হবে, তা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে আজ, মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় (Uttarkanya) গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গের বিভিন্ন রাজবংশী ও কামতাপুরি সংগঠনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা, বিদ্বজ্জন এবং বিধায়কদের সঙ্গে এই বৈঠকে ভাষার স্বীকৃতি ও নামকরণ নিয়ে আলোচনা হওয়ার কথা।

রাজ্য সরকারের পক্ষ থেকে কামতাপুর পিপলস পার্টি, অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়ন, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল-সহ বিভিন্ন সংগঠন এবং রাজবংশী ভাষার গবেষক ও লেখকদের আমন্ত্রণ জানানো হয়েছে। রাষ্ট্রমন্ত্রী আনন্দময় বর্মন জানিয়েছেন, বৈঠকে প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের দাবি ও বক্তব্য তুলে ধরবেন। প্রশাসনিক সূত্রের খবর, প্রায় ৫০টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন-সহ আধিকারিকদেরও থাকার কথা।

এর মধ্যেই মতুয়া মহাসংঘের আদলে বিভিন্ন কামতাপুরি ও রাজবংশী সংগঠনকে এক ছাতার তলায় আনতে রাজবংশী মহাসংঘ (Rajbanshi Mahasangha) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার কোচবিহারের ল্যান্সডাউন হলে আয়োজিত সভায় ২২টি সংগঠনের প্রতিনিধি যোগ দেন। সেখানে মহাসংঘের সভাপতি হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঠিক হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৯ সাল থেকেই পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়। ভাষার সাংবিধানিক স্বীকৃতি ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি। ১৯৯৬ সালের ৭ জানুয়ারি কামতাপুর পিপলস পার্টি গঠনের পর আন্দোলন আরও সংগঠিত হয়। অন্যদিকে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন-সহ কয়েকটি সংগঠনের বক্তব্য, রাজবংশী ও কামতাপুরি একই ভাষা। তাই ভাষার নাম রাজবংশী রাখার পক্ষেই তারা সওয়াল করছে।

Advertisement
ads ads

ভাষার নামকরণ নিয়ে মতভেদের কারণে সংবিধানের অষ্টম তফসিলে (Eighth Schedule) অন্তর্ভুক্তির বিষয়টিও দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি। রাজবংশী ভাষার স্বীকৃতির পক্ষে বিদ্বজ্জনদের একাংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও চিঠি পাঠিয়েছেন।

কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) কেন্দ্রীয় কমিটির সভাপতি নিখিল রায় জানিয়েছেন, তাঁদের দলের দাবির পাশাপাশি তার সমর্থনে লিখিত বক্তব্যও জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক রায় জানিয়েছেন, তিনিও বৈঠকে নিজের মতামত তুলে ধরবেন। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয় স্তরে অধিকাংশ গবেষণায় ভাষাটিকে রাজবংশী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে নিখিল রায়ের দাবি, ভাষার সঠিক নাম কামতাপুরি এবং তার পক্ষে যথেষ্ট নথি রয়েছে।

ফলে আজকের বৈঠকে ভাষার নামকরণ, সাংবিধানিক স্বীকৃতি এবং দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের নজর এখন উত্তরকন্যার এই বৈঠকের দিকেই।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads