সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত অদল-বদল! জলপাইগুড়ি মেডিক্যালে চাঞ্চল্য, অসুস্থ দুই রোগী
Connect with us

উত্তরবঙ্গ

সুপার স্পেশালিটি হাসপাতালে রক্ত অদল-বদল! জলপাইগুড়ি মেডিক্যালে চাঞ্চল্য, অসুস্থ দুই রোগী

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ রোগীর শরীরে রক্ত (Blood Transfusion) সঞ্চালনের ক্ষেত্রে মারাত্মক গাফিলতির অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, দুই রোগীর জন্য নির্ধারিত রক্তের গ্রুপ অদলবদল করে দেওয়া হয়েছে। একজনের প্রয়োজন ছিল AB+ রক্ত, অথচ তাঁকে দেওয়া হয় A+। অন্যদিকে, A+ রক্ত প্রয়োজন ছিল যে রোগীর, তাঁর শরীরে দেওয়া হয় AB+। এই ঘটনায় দু’জনেই অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রানিনগর মোড়ের বাসিন্দা ৬০ বছরের বুনিল রায় A+ রক্তের গ্রুপের অধিকারী। রক্তাল্পতার (Anaemia) কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকের পরামর্শে প্রথম ইউনিট রক্ত দেওয়ার পর দ্বিতীয় ইউনিট চলাকালীন অস্বস্তি শুরু হয় তাঁর। পরিবারের সদস্যরা রক্তের প্যাকেট পরীক্ষা করে AB+ দেখতে পান। এরপরই বিষয়টি চিকিৎসকদের জানান তাঁরা।

অন্যদিকে, কচুয়া বোয়ালমারী গ্রামের ৬১ বছরের বীরেন্দ্রনাথ শর্মার রক্তের গ্রুপ AB+। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবারের অভিযোগ, তাঁর শরীরে A+ রক্ত দেওয়া হয়েছিল। কিছুটা রক্ত যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (CCU) স্থানান্তরিত করা হয়।

দুই রোগীর পরিবারের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। ঘটনার খবর পৌঁছেছে স্থানীয় বিজেপি বিধায়ক অনন্তদেব অধিকারীর কাছেও। তিনি ফোনে জানান, অভিযোগের যথাযথ তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার চেষ্টা করা হবে।

Advertisement
ads ads

এই ঘটনায় হাসপাতালের রক্তের নমুনা পরীক্ষা, ব্লাড ব্যাঙ্কের (Blood Bank) ব্যবস্থাপনা এবং রোগীকে রক্ত দেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে এমন ঘটনা ঘটল এবং কার গাফিলতিতে এই পরিস্থিতি তৈরি হল, তা জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Continue Reading
Advertisement ads