ভাইরাল খবর
অখিলেশের কনভয় ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা! প্রাণ গেল বিজেপি নেতার ১৪ বছরের ছেলের
ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের গোরক্ষপুরে (Gorakhpur) সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের (Akhilesh Yadav) PDA রথযাত্রাকে ঘিরে মর্মান্তিক দুর্ঘটনা। মিছিলে ফুল ছড়ানোর কাজে ব্যবহৃত একটি বুলডোজারের ধাক্কায় মৃত্যু হল ১৪ বছরের এক স্কুলপড়ুয়ার। মৃতের নাম আর্যবর্ধন সিং। সে স্থানীয় বিজেপি নেতা ওঙ্কার সিং শ্রীনেতের ছেলে। বুধবার কুঁদঘাট এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, আর্যবর্ধন কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বুধবার দুপুরে বোনকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে রাস্তা পার হচ্ছিল সে। সেই সময় অখিলেশ যাদবের রোড শোয়ে অংশ নেওয়া একটি বুলডোজার দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা মারে বলে অভিযোগ। ধাক্কায় রাস্তার ডিভাইডারে ছিটকে পড়ে কিশোরটি। মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় বুলডোজার চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
মৃতের বাবা ওঙ্কার সিংয়ের অভিযোগ, মিছিলে উপর থেকে ফুলের পাপড়ি ছড়ানোর জন্য বুলডোজারটি ব্যবহার করা হচ্ছিল। তাঁর দাবি, অখিলেশের কনভয় এগিয়ে যাওয়ার পর চালক গতি বাড়িয়ে দেন। এর ফলেই দুর্ঘটনা ঘটে। ঘটনার জন্য সমাজবাদী পার্টির প্রধানের বিরুদ্ধে খুনের মামলা দায়ের এবং কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, অখিলেশ যাদব জানিয়েছেন, কিশোরের মৃত্যুর ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। তবে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপির বিরুদ্ধে পালটা রাজনৈতিক অভিযোগও করেছেন।
এই ঘটনায় রোড শোয়ে সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভারী যানবাহন ব্যবহারের নিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় বিধায়ক শ্রবণ নিষাদ শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দুর্ঘটনার তদন্ত ও দায় নির্ধারণের দিকেই এখন নজর।
