দেশের খবর
বার্ড ফ্লু মোকাবিলায় বড় সাফল্য ভারতের! তৈরি হল প্রথম দেশীয় H5N1 টিকা
ডিজিটাল ডেস্কঃ বার্ড ফ্লু (Bird Flu) মোকাবিলায় বড় সাফল্য পেল ভারত। এবার দেশেই তৈরি হল এইচ৫এন১ (H5N1) ভাইরাসের বিরুদ্ধে প্রথম দেশীয় টিকা (Vaccine)। পোলট্রি শিল্পকে আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২০ নভেম্বর ভোপালে আনুষ্ঠানিকভাবে এই টিকার উদ্বোধন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
ভোপালের কেন্দ্রীয় পশুরোগ গবেষণা সংস্থা আইসিএআর-নিশাদ (ICAR-NIHSAD) এই টিকা তৈরি করেছে। এতদিন বার্ড ফ্লুর প্রতিরোধে বিদেশি প্রযুক্তি ও টিকার উপর নির্ভরতার প্রয়োজন থাকলেও, দেশীয় এই আবিষ্কারে সেই নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি দেশের একাধিক রাজ্যে বার্ড ফ্লুর সংক্রমণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তামিলনাড়ুর বিভিন্ন পোলট্রি খামারে প্রায় ৫০ হাজার মুরগির মৃত্যু হয়েছে। কেরলের আলাপ্পুঝায় প্রায় ২৬ হাজার কোয়েল, মুরগি ও হাঁসের শরীরে ভাইরাসের উপস্থিতি মিলেছে। চলতি বছরের মে মাসে মহারাষ্ট্রে প্রায় দেড় লক্ষ মুরগি নিধনের (Culling) সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কর্নাটকেও সংক্রমণের জেরে প্রায় ৫০টি ময়ূরের মৃত্যু হয়।
বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যে ছড়ালেও বিরল ক্ষেত্রে মানুষের শরীরেও সংক্রমণ ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, ২০০৩ সাল থেকে ২৫টি দেশে H5N1 সংক্রমণের ১,০০৩টি ঘটনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪৭৯ জনের।
এই পরিস্থিতিতে দেশীয় টিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গেলে লক্ষ লক্ষ মুরগি মেরে ফেলার প্রয়োজন কমতে পারে। পাশাপাশি ডিম ও মাংসের ব্যবসায় ক্ষতির আশঙ্কাও কমবে। টিকাটি সাশ্রয়ী ও সহজলভ্য হলে খামারিদের জন্য তা বড় স্বস্তি হয়ে উঠতে পারে।
