‘ভারতের হাত কেটে নেওয়ার’ হুমকি, সেই পাক মন্ত্রীকে আমন্ত্রণ! মোদী সরকারের বিদেশনীতি নিয়ে বিরোধীদের প্রশ্ন
Connect with us

দেশের খবর

‘ভারতের হাত কেটে নেওয়ার’ হুমকি, সেই পাক মন্ত্রীকে আমন্ত্রণ! মোদী সরকারের বিদেশনীতি নিয়ে বিরোধীদের প্রশ্ন

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে ‘হাত কেটে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছিলেন। সিন্ধু নদের জল বণ্টন নিয়ে বারবার নয়াদিল্লিকে আক্রমণও করেছেন। এবার সেই পাকিস্তানি মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক (Musadik Masood Malik) এলেন দিল্লিতে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতেই শুক্রবার সকালে ভারতে পা রাখেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী। তাঁর এই সফর ঘিরে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

২০ থেকে ২২ নভেম্বর দিল্লিতে আয়োজিত এসসিও-র সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আলোচনায় পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মুসাদ্দিক। তবে ভারতকে হুমকি দেওয়া একজন মন্ত্রীকে কেন আমন্ত্রণ জানানো হল, সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি।

কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুতের বক্তব্য, একদিকে ভারতীয় ক্রিকেটারদের পাকিস্তানের বিরুদ্ধে খেলতে বলা হচ্ছে, অন্যদিকে সেই দেশের মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। দলের সাংসদ প্রমোদ তিওয়ারিও মুসাদ্দিকের পুরনো মন্তব্যের প্রসঙ্গ তুলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ, সিন্ধু জলচুক্তি নিয়ে পাক মন্ত্রীর বক্তব্য কোনও দায়িত্বশীল মন্ত্রীর ভাষা হতে পারে না।

সমাজবাদী পার্টির নেতার দাবি, বিদেশনীতি নিয়ে বিভ্রান্তিতে রয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। সন্ত্রাসবাদ ও আলোচনার প্রশ্নে সরকারের অবস্থানের সঙ্গে বর্তমান সিদ্ধান্তের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement
ads ads

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২০২৫ সালের ২২ এপ্রিলের জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত রাখে ভারত। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে মুসাদ্দিক হুঁশিয়ারি দিয়েছিলেন, পাকিস্তানের জলসম্পদের উপর নিয়ন্ত্রণের চেষ্টা হলে তার ফল ভালো হবে না।

২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর এই প্রথম কোনও পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর হওয়ায় বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও সম্মেলনে সিন্ধু জলচুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার কোনও ঘোষণা হয়নি, তবুও মুসাদ্দিকের উপস্থিতি ঘিরে কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads