ভাইরাল খবর
৪৪ বছর আগের বাংলা গান এবার জিটিএ ৬-এ! মালদার রূপা বিশ্বাসের গাওয়া ‘আজ শনিবার’ বিশ্বজুড়ে ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ একসময় যে বাংলা গানের অ্যালবাম বাজারে বিশেষ সাড়া ফেলতে পারেনি, চার দশকেরও বেশি সময় পর সেই গানই পৌঁছে গেল বিশ্বমঞ্চে। বাঙালি গায়িকা রূপা বিশ্বাসের (Rupa Biswas) গাওয়া ১৯৮২ সালের জনপ্রিয় গান ‘আজ শনিবার’ (Aaj Shanibar) জায়গা করে নিয়েছে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (Grand Theft Auto 6 বা GTA 6)-এ। গেমের রেডিয়ো স্টেশনে বাংলা গান শুনে অবাক ভারতীয় গেমাররা। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে আলোচনা।
১৯৮২ সালে রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ (Disco Jazz) অ্যালবামের অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল গানটি। ডিস্কো, জ্যাজ এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতের (Classical Music) মিশেলে তৈরি হয়েছিল অ্যালবামটি। এর সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন সরোদশিল্পী আলি আকবর খানের পুত্র আশিস খান। কানাডায় রেকর্ড হওয়া এই অ্যালবামে বাংলা ও হিন্দি গান গেয়েছিলেন রূপা।
তবে মুক্তির সময় অ্যালবামটি প্রত্যাশামতো জনপ্রিয়তা পায়নি। ২০১৯ সালের এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, হাতে গোনা কয়েকটি ক্যাসেট বিক্রি হয়েছিল। নিজের অ্যালবামের ক্যাসেট কিনতেও তাঁকে দোকানে যেতে হয়েছিল। এই ব্যর্থতা তাঁকে এতটাই হতাশ করেছিল যে, নতুন করে গান গাওয়ার সাহস হারিয়ে ফেলেন তিনি। পরে বিয়ে করে ইন্দোনেশিয়ায় চলে যান মালদার এই শিল্পী।
কিন্তু এত বছর পর বদলে গেল ছবিটা। ১৯ নভেম্বর মুক্তিপ্রাপ্ত GTA 6-এর ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ (Worldwide FM) রেডিয়ো স্টেশনে শোনা যাচ্ছে ‘আজ শনিবার’। গেমের কাল্পনিক রাজ্য লিওনিডায় (Leonida) গাড়ি চালানোর সময় এই স্টেশনে গানটি শুনতে পাচ্ছেন খেলোয়াড়রা। এখানে হাউস, জ্যাজ এবং আন্তর্জাতিক সংগীতের নানা ধারা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর GTA সিরিজের নতুন সংস্করণ নিয়ে গেমারদের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। সেই গেমেই আশির দশকের বাংলা গানের উপস্থিতি বিশেষভাবে নজর কেড়েছে।
একসময় যে গান নিজের শিল্পীকে হতাশ করেছিল, আজ সেই গানই পৌঁছে যাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শ্রোতার কাছে। সময়ের ব্যবধানে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ যেন ফিরে পেল নতুন জীবন। বাঙালি সংগীতের জন্যও নিঃসন্দেহে এটি এক আনন্দের মুহূর্ত।
