দুর্ঘটনা
এভারেস্টের কাছে ভয়াবহ দুর্ঘটনা! অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষে মৃত ১
ডিজিটাল ডেস্কঃ নেপালের পাহাড়ি হেলিপ্যাডে অবতরণের সময় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে সোলুখুম্বু জেলার ফেরিচে (Pheriche) দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয়েছে এক বিদেশি পর্যটকের। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার ভয়াবহ মুহূর্ত ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV Camera)।
BREAKING: Two helicopters operated by Fishtail Air and Dynasty Air collided while landing at Pheriche helipad in Solukhumbu. Authorities said the helicopters’ rotor blades struck each other during the landing process. Further details about the incident are awaited.
Video ©: Webcam Nepal.
— Everest Today (@EverestToday) November 3, 2026
নেপালের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) জানিয়েছে, ফিশটেল এয়ার এবং ডাইনেস্টি এয়ারের দুটি হেলিকপ্টার সকাল প্রায় ৮টা ১১ মিনিটে ফেরিচে হেলিপ্যাডে নামার চেষ্টা করছিল। সেই সময় একটির রোটর ব্লেডের (Rotor Blade) সঙ্গে অন্যটির পাখার ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যেই ঘটে বিপর্যয়।
সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অবতরণের সময় কপ্টার দুটি বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। তারপরই সংঘর্ষ। তবে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়।
জেলা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি বিদেশি নাগরিক হলেও তাঁর পরিচয় ও জাতীয়তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার পর তাঁর দেহ হেলিকপ্টারে করে লুকলায় নিয়ে যাওয়া হয়েছে। আহত ব্যক্তিকেও উদ্ধার করে সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকি যাত্রী ও কর্মীদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।
ঘটনার তদন্ত শুরু করেছে নেপালের পুলিশ ও বিমান চলাচল কর্তৃপক্ষ। যৌথভাবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, মাউন্ট এভারেস্টের (Mount Everest) কাছে অবস্থিত ফেরিচে এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার পথে ট্রেকার ও পর্বতারোহীদের গুরুত্বপূর্ণ যাত্রাবিরতি। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের উপর নির্ভরতা বেশি থাকায় এই দুর্ঘটনা নতুন করে বিমান নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াল।
