অন্ধ্রে ওএনজিসির গ্যাস কূপে ভয়াবহ লিক! আতঙ্কে ৫০০ পরিবারকে সরাল প্রশাসন
Connect with us

দুর্ঘটনা

অন্ধ্রে ওএনজিসির গ্যাস কূপে ভয়াবহ লিক! আতঙ্কে ৫০০ পরিবারকে সরাল প্রশাসন

News Desk

Published

on

ডিজিটাল ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের কোনাসিমা জেলায় ফের গ্যাস বিপর্যয়। মঙ্গলবার ভোরে রাষ্ট্রায়ত্ত তেল ও প্রাকৃতিক গ্যাস সংস্থা ওএনজিসির (ONGC) একটি গ্যাস কূপে লিক (Gas Leak) হওয়ার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গেড্ডাডা গ্রামে। পরিস্থিতি সামাল দিতে প্রায় এক কিলোমিটার এলাকার ৪০০ থেকে ৫০০টি পরিবারকে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। সব মিলিয়ে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে প্রায় ৮০০ জনকে।

ওএনজিসি সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৫টা নাগাদ ২১৬ নম্বর জাতীয় সড়কের কাছে গ্যাস কূপে পুনরায় খননের (Re-drilling) কাজ চলছিল। সেই সময় আচমকাই বিকট শব্দ করে কূপ থেকে গ্যাস বেরতে শুরু করে। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকা গ্যাসে ঢেকে যায়। যদিও এখনও পর্যন্ত আগুন লাগার কোনও খবর নেই। বর্তমানে লিক বন্ধ করার কাজ চালাচ্ছেন সংস্থার কর্মীরা।

ঘটনার পরই তৎপর হয় স্থানীয় প্রশাসন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলাশাসক মহেশকুমার রবিলালা জানিয়েছেন, গ্যাস পাশের দিকে ছড়িয়ে না পড়ে উপরের দিকে উঠে যাচ্ছে। তাই বড় বিপদের আশঙ্কা তুলনামূলক কম। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সতর্কতা বজায় রাখা হচ্ছে।

বাসিন্দাদের বৈদ্যুতিক যন্ত্রপাতি, আলো এবং গ্যাসের উনুন ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি ঘরছাড়া পরিবারগুলির দুপুর ও রাতের খাবারের ব্যবস্থাও করেছে প্রশাসন। সন্ধ্যার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেছেন জেলাশাসক।

Advertisement
ads ads

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই ওএনজিসির শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গ্রামবাসীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরে কোনাসিমা জেলায় এই নিয়ে চতুর্থবার গ্যাস লিকের ঘটনা ঘটল। গত জানুয়ারিতে মোরি গ্রামের একটি গ্যাস কূপে ব্লোআউট (Blowout) হয়ে আগুন লেগেছিল। প্রায় পাঁচ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। বারবার একই ধরনের দুর্ঘটনায় এবার ওএনজিসির নিরাপত্তা ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads