দেশের খবর
ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন অস্বস্তি! শেখ হাসিনার পাসপোর্ট বিতর্কের মধ্যেই ভারত-বাংলাদেশ বৈঠক স্থগিত
ডিজিটাল ডেস্কঃ শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে আবেদনের খবর সামনে আসতেই ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক (Diplomatic Relations) নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ঢাকায় ১৭ ও ১৮ নভেম্বর নির্ধারিত দুই দেশের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ (Consular Talks) আপাতত স্থগিত করা হয়েছে। কবে এই বৈঠক হবে, তা এখনও স্পষ্ট নয়।
বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, সময়সূচির সমস্যার কথা জানিয়ে গত সপ্তাহে ভারত কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। ফলে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত আবেদন এবং বৈঠক স্থগিতের ঘটনাকে সরাসরি যুক্ত করার মতো কোনও সরকারি তথ্য এখনও সামনে আসেনি।
উল্লেখ্য, শেখ হাসিনা সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের কাছে আইনজীবীর মাধ্যমে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত পাওয়ার বিষয়ে আবেদন করেছেন। ডিসেম্বর মাসে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। তবে এই আবেদন ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আসেনি।
চলতি বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা পরিষেবা, আটক নাগরিকদের প্রত্যাবর্তন, মৎস্যজীবীদের মুক্তি এবং আইনি সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।
২০১৭ সালে শুরু হওয়া এই সংলাপের শেষ বৈঠক হয়েছিল ২০২৪ সালের মে মাসে। অন্যদিকে, আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। সব মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভারত-বাংলাদেশের পরবর্তী কূটনৈতিক আলোচনার দিকে নজর রয়েছে।
