ভাইরাল খবর
টানা দুই দিন শহরে যান নিয়ন্ত্রণ, রাষ্ট্রপতির সফরে ট্র্যাফিক পুলিশের নতুন নির্দেশিকা
ডিজিটাল ডেস্কঃ চলতি জুলাই মাসের শেষে এবার বাংলার সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। ৩০ ও ৩১ জুলাই, এই দু’দিন কলকাতা ও নদিয়া জেলায় একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। এই সফরকে কেন্দ্র করে শহরের ট্র্যাফিক ব্যবস্থায় বড়সড় রদবদল আনছে কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Traffic Police)। নিরাপত্তা ও যানজট নিয়ন্ত্রণের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ রুটে পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ৩০ জুলাই বিকেল ৪:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত সিঁথি ক্রসিং, বিটি রোড, টালা ব্রিজ, বিধান সরণি, শ্যামবাজার মোড়, ভূপেন বসু অ্যাভিনিউ, সি আর অ্যাভিনিউ, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বিবিডি বাগ (East side), ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও গভর্নমেন্ট প্লেস (East)-এর মতো ব্যস্ত রাস্তাগুলিতে পণ্যবাহী যান চলাচল একেবারে বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ দেড় মাস ঘর করা নববধূ আসলে পুরুষ! ফেসবুক প্রেমে প্রতারণার শিকার স্বামী ও পরিবার
পরদিন অর্থাৎ ৩১ জুলাই সকাল ৮:৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত বন্ধ থাকবে আর আর অ্যাভিনিউ, রেড রোড, খিদিরপুর রোড, মা উড়ালপুল, ই এম বাইপাস, হাডকো মোড়, দুর্গাপুর ব্রিজ-সহ শহরের গুরুত্বপূর্ণ করিডরগুলো।
এছাড়া, ৩০ জুলাই সকাল ৬টা থেকে ৩১ জুলাই রাত ১০টা পর্যন্ত রাজভবন ও তার আশেপাশের এলাকায় বড় গাড়ি প্রবেশ একেবারে নিষিদ্ধ। পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma) জানিয়েছেন, প্রয়োজনে বিকল্প রুট দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে এবং কেউ নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রপতি ৩০ জুলাই সকালে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতায় এসে, সোজা আকাশপথে চলে যাবেন কল্যাণী। সেখানেই AIIMS-Kalyani–এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। এরপর দক্ষিণেশ্বর মন্দির দর্শন এবং রাতে রাজভবনে রাত্রিবাস করবেন। ৩১ জুলাই দুপুরে রাষ্ট্রপতির ঝাড়খণ্ড সফরের কথা রয়েছে।