দেশের খবর
প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কিছু? ৪৫ মিনিটের বৈঠকে মেটাকে একাধিক প্রশ্ন করল কেন্দ্র
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) একটি ভিডিও (Video) কয়েক ঘণ্টার জন্য ফেসবুক (Facebook) থেকে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটা (Meta)-র উপর নজরদারি আরও কড়া করল কেন্দ্রীয় সরকার (Central Government)। শুধু এই ঘটনাই নয়, শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কনটেন্ট (CSAM)-এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগও উঠেছে সংস্থার বিরুদ্ধে। এই দুই বিষয়কে সামনে রেখেই সম্প্রতি প্রায় ৪৫ মিনিটের একটি উচ্চপর্যায়ের বৈঠক (High-Level Meeting) অনুষ্ঠিত হয়।
বৈঠকে তথ্যপ্রযুক্তি (Information Technology) মন্ত্রকের সচিব এস কৃষ্ণনের নেতৃত্বে সরকারি প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স (Global Affairs) প্রধান জোয়েল কাপলানসহ সংস্থার শীর্ষ আধিকারিকরা। কেন্দ্র স্পষ্ট জানিয়ে দেয়, মতপ্রকাশের স্বাধীনতায় (Freedom of Expression) হস্তক্ষেপ নয়, বরং ভারতের আইন ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে চলাই সংস্থার দায়িত্ব।
বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর ভিডিও ফেসবুক থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়। মেটার দাবি, এটি সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটির (Technical Glitch) ফল। পাশাপাশি সংস্থা জানায়, তাদের কনটেন্ট মডারেশন (Content Moderation), ফ্যাক্ট-চেকিং (Fact-Checking) এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং কোনও ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়া হয়নি।
প্রসঙ্গত, সম্প্রতি প্রশ্নফাঁস বিতর্কের আবহে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। সেই ভিডিও প্রায় পাঁচ ঘণ্টা ফেসবুকে দেখা যায়নি। পরে মেটা দুঃখপ্রকাশ করলেও কেন্দ্র সেই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট হয়নি।
এদিকে, সংসদীয় স্থায়ী কমিটির (Parliamentary Standing Committee) চেয়ারম্যান নিশীকান্ত দুবে (Nishikant Dubey) মেটা প্রধান মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)-কে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় তথ্যপ্রযুক্তি আইন (Information Technology Act)-এর ৭৯ নম্বর ধারার অধীনে সংস্থার ‘সেফ হারবার’ (Safe Harbour) সুরক্ষা পুনর্বিবেচনার কথাও বলা হয়েছে।
শিশু সুরক্ষা (Child Safety) নিয়েও কেন্দ্রের উদ্বেগ বেড়েছে। ইনস্টাগ্রাম (Instagram)-এ শিশু যৌন নির্যাতন সংক্রান্ত আপত্তিকর কনটেন্টের অভিযোগে আগেই মেটাকে নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, অ্যালগোরিদম (Algorithm), কনটেন্ট নিয়ন্ত্রণ এবং প্ল্যাটফর্মের জবাবদিহি (Accountability) নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক ফের মেটার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবে।
