নির্মীয়মাণ সংশোধনাগার পরিদর্শনে মালদায় এলেন রাজ্যের এডিজি (কারা), বৈঠক আধিকারিকদের সঙ্গে
Connect with us

মালদা

নির্মীয়মাণ সংশোধনাগার পরিদর্শনে মালদায় এলেন রাজ্যের এডিজি (কারা), বৈঠক আধিকারিকদের সঙ্গে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২০ ডিসেম্বর : রবিবার চাঁচলে নির্মীয়মান মহকুমা সংশোধনাগারের কাজ খতিয়ে দেখতে মালদায় এলেন এডিজি (কারা) পীযুষ পাণ্ডে৷ এদিন চাঁচলের কদলার মাঠে নির্মীয়মান সংশোধনাগারের খুঁটিনাটি কাজ খতিয়ে দেখেন তিনি ৷ এদিন তার সঙ্গে এই পরিদর্শনে ছিলেন ডিআইজি (কারা), চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ সহ অন্যান্যরা ৷

উল্লেখ্য, চাঁচল মহকুমা আদালত গঠনের পর থেকেই এই এলাকায় একটি সংশোধনাগার তৈরির দাবি উঠতে শুরু করে৷ বর্তমানে জেলার একমাত্র সংশোধনাগারটি রয়েছে মালদা শহরে৷ ফলে মালদা থেকে চাঁচল মহকুমা আদালতে আসামীদের নিয়ে আসবার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে হয় কারা ও পুলিশকর্মীদের৷ প্রায় ৭৫ কিলোমিটার দূরত্ব পেরোতে সময় অনেকটাই লাগে। কোনও কারণে প্রিজন ভ্যান খারাপ হয়ে গেলে আতান্তরে পড়তে হয় গাড়িচালকদের। এসব কারণে বহুবার সময়মতো বন্দিদের আদালতে পেশ করা যায়নি ৷ তাই পুলিশ ও আদালতকর্মীরা দীর্ঘদিন ধরে চাঁচলে একটি সংশোধনাগার নির্মাণের দাবি তুলছিলেন ৷ সেই দাবিকে মান্যতা দিয়ে চাঁচলে সংশোধনাগার নির্মাণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।এদিন নির্মীয়মান সংশোধনাগার পরিদর্শনের পর এডিজি (কারা) পীযুষ পান্ডে বলেন, নির্মাণকাজে দু’একটি ইশ্যু নজরে এসেছে৷ এখানে ১৫০ জন পুরুষ ও ১৫০ জন মহিলা বন্দি থাকার ব্যবস্থা থাকবে৷ পাঁচ একর জমির উপর প্রায় ৩৫ কোটি টাকায় এই সংশোধনাগার নির্মাণ হচ্ছে৷ ইতিমধ্যেই প্রায় ৫০ শতাংশ কাজ হয়ে গিয়েছে৷ কাজ দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে। এনিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করা হবে৷