বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের মাঝেই তৃণমূল শিবিরে ফিরলেন বিজেপিতে যোগদানকারী জেলা পরিষদের তিন সদস্য, আলোড়ন রাজনৈতিক মহলে
Connect with us

রাজনীতি

বিজেপির সর্বভারতীয় সভাপতির সফরের মাঝেই তৃণমূল শিবিরে ফিরলেন বিজেপিতে যোগদানকারী জেলা পরিষদের তিন সদস্য, আলোড়ন রাজনৈতিক মহলে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , দক্ষিণ দিনাজপুর , ১৯ অক্টোবর :  বিজেপির সর্বভারতীয় জে পি নাড্ডার উত্তরবঙ্গ সফরের দিনেই তৃণমূলে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বিজেপিতে যোগদানকারী ৩ সদস্য। এঘটনায় পুনরায় পুরোপুরি তৃণমূলের দখলে এল জেলা পরিষদ। জানা গেছে গত লোকসভা ভোটের পর দলের ভরাডুবির কারণে তৃণমূল নেতৃত্ব জেলা সভাপতি বিপ্লব মিত্রকে পদ থেকে সরিয়ে দেয়।

সভাপতি করা হয় পরাজিত প্রার্থী অর্পিতা ঘোষকে। সেসময় ক্ষোভে বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ ১০ জন সদস্যকে নিয়ে দিল্লিতে বিজেপিতে যোগ দেন। এরপর অর্পিতা ঘোষ চেষ্টা চালিয়ে সভাধিপতি সহ ৭ জনকে দলে ফিরিয়ে আনতে সক্ষম হলেও ৩ কর্মাধ্যক্ষ দলে ফেরেননি। তবে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ এই তিনজন হলেন মজিরউদ্দিন মিয়া, প্রতিভা মন্ডল এবং চিন্তামণি বিহা। কয়েকমাস আগে অর্পিতা ঘোষকে সরিয়ে জেলা সভাপতি করা হয় বিপ্লব অনুগত গৌতম দাসকে। এরপরেই বিপ্লব মিত্র তৃণমূলে ফিরে আসেন। এদিন বিপ্লব মিত্রের হাত ধরেই এই তিন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ পুনরায় তৃণমূলে যোগ দিলেন। এদিন বালুরঘাটে তৃণমূল জেলা কার্যালয়ে সভাপতি গৌতম দাস তাদের দলে ফিরে আসার কথা ঘোষণা করেন। বিজেপিতে গিয়ে কী মোহভঙ্গ হয়েছিল ওই তিন জেলা পরিষদ সদস্যের? সেকারণেই কী তৃণমূলে প্রত্যাবর্তন করলেন? উঠছে প্রশ্ন। তবে এব্যাপারে বিজেপির কোনো প্রতিক্রিয়া মেলে নি। স্বাভাবিকভাবেই জেলা পরিষদের ১৮ জন সদস্যই এখন তৃণমূলের ঘরে। বিরোধী বলে আর কেউ রইল না।